ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মারুফ হাসান (২২)। তিনি চর কাশিপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই চাঞ্চল্যকর হামলা চেষ্টা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে এনসিপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে মিশে তাকে অনুসরণ করতে থাকে।
নেতাকর্মীরা বিষয়টি বুঝতে পেরে সন্দেহভাজন একজনকে আটক করলে তার কাছ থেকে একটি চাপাতি (দেশীয় ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়। এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজনের সহায়তায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও তার সহযোগীরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে হামলাকারীর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।















Leave a Reply