লালমনিরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদকব্যবসায়ী গ্রেফতার

মোঃ জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারীতে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৪২ বোতল বিভিন্ন প্রকারের মাদক জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ধৃত আসামির বসতবাড়ির উত্তর দুয়ারী টিনের শয়ন ঘরের খাটের নিচে রাখা দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (Phensedyl) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৫৪২ বোতল।

এ ঘটনায় গ্রেফতার করা হয় মোছাঃ আয়না বেগম (৪০)। তিনি মোঃ সমির উদ্দিন ওরফে সমুর স্ত্রী। গ্রেফতারকৃত আসামির বাড়ি তালুক দুলালী মহিষতুলী গ্রাম, ভেলাবাড়ি ইউনিয়ন, আদিতমারী থানা, লালমনিরহাট জেলায়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে আয়না বেগম ও তার স্বামী সমির উদ্দিন দেশের বিভিন্ন অজ্ঞাতনামা মাদক কারবারির কাছ থেকে ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তারা মাদক পরিবহন ও ব্যবসার জন্য নানা অভিনব কৌশল ব্যবহার করতেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র ধারণ করে মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com