ডেস্ক রিপোর্ট
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র মাহ্ ফুজুল হক মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান।
গতকাল বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া জমদ্দার বাড়িতে তার মা বদরুন্নেসার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মায়ের দাফন শেষে বিকেলেই মাহ্ ফুজুল হককে পুনরায় কারাগারে পাঠানো হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্যারোলের আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্যেই তিনি জানাজায় অংশ নেন।
পুলিশ সূত্র জানায়, বদরুন্নেসা গত বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখা ও জানাজা-দাফনে অংশ নিতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকা ফরিদগঞ্জে আসেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গত বছরের ৮ অক্টোবর ঢাকার ডেমরা থানা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাহ্ ফুজুল হককে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন।















Leave a Reply