মুগদায় গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন | কৃত্রিম সংকটের অভিযোগ মুগদা নাগরিক কমিটির

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মুগদায় গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদ জানিয়েছে মুগদা নাগরিক কমিটি। শনিবার (১৭ জানুয়ারি) মুগদা এলাকায় আয়োজিত এক মানববন্ধনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির মুগদা থানা সভাপতি সৈয়দ মুস্তাক আলী কাউসার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইন উদ্দীন ফারুকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের, মতিউর রহমান আকন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার বিপর্যস্ত হচ্ছে। তিনি দাবি করেন, সারা দেশে যে গ্যাস সংকট দেখা দিয়েছে তা একটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের ভেতরে ও বাইরে থাকা আওয়ামী দোসরদের কারণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না সরকার। ক্ষমতার মসনদে টিকে থাকতে কিছু রাজনৈতিক দলের নেতারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কবির আহমেদ বলেন, অতীতে আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে, আর বর্তমানে আরেকটি রাজনৈতিক দল চাঁদার জন্য পাথর দিয়ে থেঁতলে ব্যবসায়ী হত্যা করছে। নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বয়কট করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধন থেকে অবিলম্বে মুগদায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com