গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেট কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। তবে গাড়িতে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণে প্রাইভেট কারটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি প্রাইভেট কার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার এক পর্যায়ে হঠাৎ বিকট শব্দে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যদিও পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই গাড়ির চালক পালিয়ে যান।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com