ডেস্ক রিপোর্ট
ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও তাদের নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনারা সরে গেছে। ঘাঁটি ছাড়ার পর এর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী ঘাঁটি ত্যাগ করার পর সেখানে ইরাকি সেনারা দায়িত্ব গ্রহণ করেছে।
২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় ঘাঁটিটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে অবস্থানরত বহু মার্কিন সেনা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে তখন বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার সংক্রান্ত একটি চুক্তি হয়। সেই চুক্তির অংশ হিসেবেই আইন আল-আসাদ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।
ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল জানিয়েছেন, বর্তমানে শুধু লজিস্টিক কার্যক্রম শেষ করার জন্য অল্প কয়েকজন মার্কিন সেনা ঘাঁটিতে অবস্থান করছেন। কাজ শেষ হলে তারাও চলে যাবেন। নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
কবে থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু করেছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এর আগে জানা গিয়েছিল, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শত শত সেনা এবং ২০২৬ সালের মধ্যে পুরো ঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করা হবে।
সূত্র: রয়টার্স















Leave a Reply