ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের ১২ শিক্ষার্থীসহ মোট ১৮ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছেন।

সোমবার ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের ১০ম গোল্ড অ্যাওয়ার্ড সেরেমনিতে ব্রিটিশ হাই কমিশনার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন।

প্রায় ১৮ মাসব্যাপী ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বর্ণপদক অর্জন করেন। এ কার্যক্রমের মধ্যে ছিল মাঠভিত্তিক কাজ, সামাজিক সেবা, নেতৃত্ব উন্নয়ন, পরিবেশ সচেতনতা কার্যক্রম এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞান ব্যবহার করে পরিবেশ সংরক্ষণ, কমিউনিটি উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করেন।

এই অর্জনের মাধ্যমে জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছেন যে, ভূগোল কেবল একটি তাত্ত্বিক বিষয় নয়; বরং এটি সমাজ, পরিবেশ ও টেকসই উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি প্রয়োগধর্মী শাস্ত্র।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড তরুণদের নেতৃত্ব, আত্মনির্ভরতা ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পেশাজীবী তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ডিউক অব এডিনবরার স্বর্ণপদকপ্রাপ্তদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থীরা হলেন- তাজরিয়ান, মাইমুনা, ইসমিহা, নিলয়, ইম্রিতা, ফারদিন, তাহিয়া, শিমি, উপমা, মারিয়া, ফাহিম ও মানফুসা।

এছাড়া অন্যান্য বিভাগের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আরবান এন্ড রিজিওনাল প্লানিং ডিপার্টমেন্টের ৪৭ ব্যাচের মো. মুসা ভূঁইয়া ও মো. ইয়াসিন খন্দকার, ৪৯ ব্যাচের শরমিলা ইসলাম পিউ, শফিকুল হাসান শাওন, শাহেদুজ্জামান যুবরাজ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৯ ব্যাচের সাজিদ হাসান ফারহান।

শিক্ষার্থীরা তাদের এই অর্জনকে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে দেশ ও পরিবেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভূগোল ও পরিবেশ বিভাগ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগগুলোর অন্যতম। এ বিভাগের শিক্ষার্থীরা শুরু থেকেই দেশে ও বিদেশে বিভিন্ন সম্মানজনক অ্যাওয়ার্ড ও স্কলারশিপ অর্জন করে আসছেন। বিভাগের অধিকাংশ শিক্ষক জিআইএস স্পেশালিস্ট ও আন্তর্জাতিক মানের গবেষক হওয়ায় তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের উন্নত একাডেমিক ও গবেষণাভিত্তিক দিকনির্দেশনা দিয়ে থাকেন, যা শিক্ষার্থীদের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্বাগত বক্তব্যে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা বলেন, “ডিউক অব এডিনবরার আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কেবল একটি কর্মসূচি নয়; এটি তরুণদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজ, শৃঙ্খলা ও সততার মূল্যবোধ গড়ে তোলে এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের প্রস্তুত করে। আমাদের স্বর্ণপদকপ্রাপ্তরা এসব গুণের বাস্তব উদাহরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী রোল মডেল।”

উল্লেখ্য, ডিউক অব এডিনবরার আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন জাবি অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারি এবং সহযোগী অধ্যাপক ড. আফসানা হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com