জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভিন্নধর্মী ও প্রাণবন্ত ‘কুয়াশা উৎসব’ উদযাপিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আজ ২০ জানুয়ারি (মঙ্গলবার) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম আবর্তনের (নবীন) শিক্ষার্থীদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. ফারহানা জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মৌসুমি ভট্টাচার্যসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উৎসব উপলক্ষে সমাজবিজ্ঞান বিভাগকে নান্দনিক ও বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়। সকাল থেকেই শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক—শাড়ি ও পাঞ্জাবি পরে ক্যাম্পাসে সমবেত হতে থাকেন। শীতকালীন রকমারি পিঠা-পুলির আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা পুরো আয়োজনে একটি লোকজ আবহ তৈরি করে।
বিভাগীয় চেয়ারম্যান ড. ফারহানা জামান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের প্রশংসা করে বলেন, “নগরায়নের প্রভাবে ঢাকা শহরে কুয়াশার স্নিগ্ধতা সেভাবে অনুভূত হয় না। এমন প্রেক্ষাপটে ‘কুয়াশা উৎসব’-এর ধারণাটি অত্যন্ত সৃজনশীল। প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরাই এই চমৎকার উদ্যোগ নিয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।”
আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি বলেন, “বিভাগে প্রথমবারের মতো এমন একটি উৎসবের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য ছিল সবার মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করেছে।”
নবীন শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সমাদৃত হয়েছে। এই উৎসবের মধ্য দিয়ে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের এক নতুন মাত্রা সূচিত হলো।















Leave a Reply