বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির: ‘কার্ড দেখিয়ে ভোট চাওয়া অনৈতিক’

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী সারজিস আলম বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সারজিস আলম অভিযোগ করেন, খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেট ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে, তা মূলত সিমপ্যাথি নেওয়ার মাধ্যমে ভোট চাওয়ার কৌশল। তিনি বলেন, গতকাল কড়াইল বস্তির একটি অনুষ্ঠানে তারেক রহমান একটি কার্ড দেখিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই।

তিনি আরও বলেন, সরকার গঠন হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, অথচ সেই কার্ড দেখিয়ে ভোট চাওয়া অনৈতিক ও জনগণকে বিভ্রান্ত করার শামিল।

বিএনপির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে সারজিস আলম বলেন, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, ভয়ের রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না।

তিনি জানান, এখনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে মৌখিকভাবে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং প্রয়োজনে লিখিত অভিযোগ দেওয়া হবে।

এনসিপি নেতা বলেন, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন চান এবং কোনো ধরনের দমন-পীড়নের রাজনীতিকে প্রশ্রয় দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com