জবি প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এর প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ঘটনার প্রেক্ষাপট:
উল্লেখ্য, এর আগে জকসু (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিতর্কিত মন্তব্য করেন। তিনি ২০ তারিখের নির্বাচন না হলে তারেক রহমানের সিলেটের জনসভা প্রতিহত করার ডাক দেন এবং সড়ক ও রেলপথ অবরোধের জন্য সিলেটের ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ ও সমাবেশ:
শিবির নেতার এই বক্তব্যের প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শাঁখারী বাজার মোড় প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নেতৃবৃন্দের বক্তব্য:
সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “যারা অতীতে ছাত্রলীগের সাথে মিশে সুবিধা নিয়েছে, তারা আজ দেশনেতার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। বর্তমান ছাত্রদলের সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা মনে করেন, তবে তারা ভুল করছেন। আমাদের উদারতার সুযোগ নিয়ে অস্তিত্ব নিয়ে টান দিলে আমরা কঠোর হতে বাধ্য হবো।”
যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল পারভেজ এবং মাহমুদ হক বলেন, “স্বাধীনতার প্রশ্নে আমরা আপোষহীন। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের মোনাফেকি কথাবার্তা বা মিথ্যাচার মেনে নেওয়া হবে না। আমরা শান্ত ক্যাম্পাস চাই, তবে ভদ্রতাকে কেউ যেন আমাদের দুর্বলতা না ভাবে।”
সদস্য সচিব শামসুল আরেফিন তাঁর বক্তব্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা ফ্যাসিবাদের আদলে আচরণ করবেন না। অতীতে কোটা আন্দোলন বা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময় আপনাদের ভূমিকা ছাত্রসমাজ দেখেছে। মনে রাখবেন, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।”
দাবি:
সমাবেশ থেকে ছাত্রদল নেতারা অবিলম্বে শিবির নেতার বক্তব্য প্রত্যাহার এবং ছাত্রসমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।















Leave a Reply