ডেস্ক রিপোর্ট
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। তারা হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে কাজ থেকে বিরত রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মবিরতির কারণে কিছুটা প্রভাব পড়লেও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে।
হাসপাতালে আসা একাধিক রোগীর স্বজন অভিযোগ করেন, হঠাৎ করে চিকিৎসকদের কর্মবিরতির কারণে তারা বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে অনেকেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।
রমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মীর মিরাজ জানান, গত মঙ্গলবার রাতে রোগীর অপারেশনকে কেন্দ্র করে অপারেশন থিয়েটারে সার্জারিরত অবস্থায় মিড লেভেলের চিকিৎসক, আবাসিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনরা হামলা চালায়। এতে অপারেশন কার্যক্রম ব্যাহত হয় এবং কয়েকজন চিকিৎসক আহত হন। ঘটনার পর থেকে চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, আজ দুপুরের মধ্যেই কর্মবিরতি প্রত্যাহার করা হতে পারে।















Leave a Reply