ডেস্ক রিপোর্ট
ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি সরকারের। ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের জানার কথা নয় বলেও উল্লেখ করেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা জানান, বৈঠকে ক্রিকেটারদের বিস্তারিতভাবে বোঝানো হয়েছে—কোন কোন নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।
তিনি আরও বলেন,
“আমি স্পষ্ট করে বলতে চাই, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত। কোনো দেশের নাগরিক অন্য দেশে গেলে সেখানে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা—সেটা সরকার বিবেচনা করে দেখে। অন্য কারও সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।”
বিশ্বকাপে না গেলে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন,
“ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে বাংলাদেশের কী ক্ষতি হতে পারে, সেটাও ভাবতে হবে। নিজের দেশের মানুষকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে শুধু খেলোয়াড় নয়—দর্শক ও সাংবাদিকদেরও ঝুঁকিতে ঠেলে দেওয়া কতটা ক্ষতিকর হতে পারে, সেটাও বিবেচনায় নেওয়া উচিত।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইসিসি বাংলাদেশকে সুবিচার দেবে এবং নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।
তার ভাষায়, বিশ্বকাপে খেলা বাংলাদেশের অধিকার এবং সেই আশাতেই তারা অপেক্ষা করছেন।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন,
“ক্রিকেটারদের সঙ্গে যা আলোচনা হয়েছে, সেটা ব্যক্তিগত। তারা কী বলেছে, সেটা বলার অধিকার আমার নেই। আমাদের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল—সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাদের বোঝানো। আমার মনে হয়েছে, তারা বিষয়টি বুঝতে পেরেছে।”















Leave a Reply