স্বাধীনতার ৫৪ বছরে অর্জনের চেয়ে ক্ষতিই বেশি: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের সামগ্রিক অর্জনের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দীর্ঘ এই সময়ে দেশ ধীরে ধীরে চোরাবালিতে হারিয়ে গেছে। ধ্বংস করা হয়েছে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বিপুল ঋণের বোঝা। এমন এক প্রতিকূল বাস্তবতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উত্তরবঙ্গে দুই দিনের নির্বাচনী সফর শুরুর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের কিছু অর্জন যে হয়নি, তা তিনি অস্বীকার করেন না। তবে সামগ্রিকভাবে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বিশেষ করে দেশের সব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এবং রাষ্ট্রকে বিপুল ঋণের বোঝার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আগামীতে যারা সরকার গঠন করবে, তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। সামাজিক ও অর্থনৈতিক সংকট এখনো কাটেনি। যুবসমাজ বেকারত্বে ভুগছে, কর্মক্ষেত্রে কর্মীবান্ধব পরিবেশ নেই এবং চলাফেরা ও কর্মস্থলে নারী নিরাপত্তা নিশ্চিত করতেও সমাজ ব্যর্থ হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরকে আক্রমণ না করে নিজ নিজ কর্মসূচি নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অসৎ উপায়ে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা উচিত নয়।

এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com