গাজীপুরে অটোরিকশা চালকদের অবরোধ | দেড় ঘণ্টা বন্ধ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক

ডেস্ক রিপোর্ট

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধ শেষে দেড় ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালক। মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় অবরোধকারীরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতশত কর্মজীবী মানুষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা শুরু করে। পরে সকাল ১০টার দিকে চালকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল আইনত নিষিদ্ধ। নিয়ম ভাঙায় পুলিশ নিয়মিত অটোরিকশা আটক ও জরিমানা করছে। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে চালকরা মহাসড়ক অবরোধ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন, দীর্ঘ আলোচনার পর অটোরিকশা চালকরা সড়ক ছেড়ে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com