ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম বলেন,এই দেশে বিএনপি উদারপন্থী গণতন্ত্র চায়। আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে মানুষের কথা বলার অধিকার দিতে চাই।বিএনপির কাছে আপনারা নিরাপদে থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানতের খেয়ানত করবো না। আমরা মানুষের কল্যাণ করতে চাই।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী গণসংযোগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আপনাদের সবসময় সাথে থাকার চেষ্টা করেছি। আমরা কোনদিন আপনাদের বিক্রি করে সম্পদ বানাইনা, আমরা রাজনীতি করে আমাদের সম্পদ বানাইনি। আমরা বাপ-দাদার দেওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি।
মহাসচিব বলেন, আমাদের পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড দিবে বিএনপি। যা একটি পরিবারের আর্থ ও সামাজিক খুটি হয়ে দাড়াবে। কৃষকদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ পেয়ে আরো সামনে এগিয়ে যাবে। বিএনপি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন করবে। আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ করলেও অনেক প্রতিষ্ঠানের এমপিওভূক্ত করতে আমরা সহযোগিতা করেছি। অতিতে আমরা রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ নানা কাজ করেছি। ঠাকুরগাঁওয়ে সর্বপ্রথম বরেন্দ্র প্রকল্পটি আমরা নিয়ে এসেছি। ভূট্টা চাষের আবাদ, মুরগী চাষের ফার্ম আমরা নিয়ে এসেছি। বিএনপি একটি পরীক্ষিত দল। আমাদেরকে নতুন করে চেনার কিছু নেই।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার আমলে কথা বলার স্বাধীনতা ছিল না। কিছু বললেই ধরে নিয়ে যেত তারা। এখন আমার বয়স হয়েছে। এটাই আমার শেষ নির্বাচন। তাই আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















Leave a Reply