জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণে ‘বেগম খালেদা জিয়া: জাতীয় আস্থা ও নির্ভরতার প্রতিচ্ছবি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করেই বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং ভবিষ্যতে তাঁর জীবন ও কর্ম নিয়ে বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক গবেষণার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামসুল আরেফীন, যেখানে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ভ্যাট চালু, অর্থনৈতিক সংস্কার এবং নারী শিক্ষার প্রসারে সাবেক এই প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ নুরুল ইসলাম প্রধান আলোচক হিসেবে বেগম খালেদা জিয়াকে একজন সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজ হাজার হাজার শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে এবং তিনি জবি পরিবারের কাছে এক মাতৃতুল্য আস্থার প্রতীক। আলোচনা সভা শেষে অতিথিরা শহীদ সাজিদ ভবনে আয়োজিত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।















Leave a Reply