চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামের ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে তিনি নগরীর দামপাড়া এলাকার ১৯ নম্বর বাদশা মিয়া সড়কে অবস্থিত চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে যান।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরিদর্শন শেষে ওয়ার সিমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশগত দিক নিয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ও সিটি মেয়র।
এছাড়া মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় মেয়র বলেন, টেকসই ও আধুনিক নগর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, চট্টগ্রাম ওয়ার সিমেট্রি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ। বাংলাদেশে কমিশনের তত্ত্বাবধানে থাকা তিনটি সমাধির মধ্যে এটি অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com