সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দে বদিউজ্জামান নামে এক প্রতিবেশীকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী ও ছেলেসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং চার আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন, একই গ্রামের সাহেব উদ্দিন, সোহেল রানা, শাহজাহান মন্ডল, শফিকুল ইসলাম, এরশাদ শেখ, রমজান আলী ও আবুল কালাম আজাদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে বদিউজ্জামান নিজ গ্রামের দবির মন্ডলের ছেলে আলমের কাছ থেকে তিন শতক জমি ক্রয় করেন। পরে প্রতিবেশী আবু সাঈদ ওই জমি দখল করে বাড়ি নির্মাণ করেন। জমি ছাড়তে বললে আসামিরা হত্যার হুমকি দেয় এবং এ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে।

এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বদিউজ্জামান ও আব্দুস ছাত্তার মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে পরাজয়ের জন্য বদিউজ্জামানকে দায়ী করে আসামিপক্ষ, এতে বিরোধ আরও তীব্র হয়।

২০১১ সালের ২৪ জুন সকালে জমির কাগজপত্র নিয়ে আইনজীবীর কাছে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন বদিউজ্জামান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ২৫ জুন সকালে ময়নাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ঘুমচি খেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালের ১৯ জানুয়ারি পুলিশ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com