লালমনিরহাটে জমি দখলের চেষ্টায় কৃষকের তামাক ক্ষেত উপড়ে ফেলার অভিযোগ-

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে এক কৃষকের রোপণকৃত তামাক ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষকের দাবি, রাতের অন্ধকারে ভাড়াটে লোকবল নিয়ে তার শেষ সম্বল তামাক গাছগুলো উপড়ে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারাটি ইউনিয়নের ৩৫ শতক জমি নিয়ে বিরোধের সূত্রপাত। ভুক্তভোগী কৃষক ছলে উদ্দিন ২৪৯০/৯২ নম্বর দলিলমূলে দীর্ঘ দিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছিলেন। তবে ৯০-এর রেকর্ডমূলে পূর্বের মালিকের ওয়ারিশ অনুকুলের নিকট থেকে জমিটি ক্রয় করেন জাতীয় পার্টির স্থানীয় নেতা আসাদ মাস্টার।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে আসাদ মাস্টার ভোল পাল্টে প্রভাবশালী হয়ে ওঠেন এবং জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালান।

ভুক্তভোগী কৃষক ছলে উদ্দিন জানান, তিনি হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ওই জমিতে তামাক চাষ করেছিলেন। কিন্তু জমি দখলের নেশায় আসাদ মাস্টার ও তার ভাড়াটে বাহিনী গত রাতে অতর্কিতে হানা দিয়ে সমস্ত তামাক গাছ উপড়ে ফেলে জমিটি বিরান ভূমিতে পরিণত করে। এতে ওই কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

তামাক ক্ষেত নষ্টের ঘটনাটি জানাজানি হওয়ার পর জনরোষ থেকে বাঁচতে আসাদ মাস্টার ও তার সহযোগীরা উল্টো কৌশল অবলম্বন করেন। অভিযোগ উঠেছে, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে তারা লালমনিরহাট সদর থানায় ভুক্তভোগী কৃষক পরিবার এবং ঘটনার প্রতিবাদকারী স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মকছুদার মাষ্টার সহ গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষমতার দাপট দেখিয়ে একজন অসহায় কৃষকের ফসল নষ্ট করা এবং পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসাদ মাস্টারের বিচার দাবি করেছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com