জবি প্রতিনিধি
শেরপুর-৩ আসনের একটি নির্বাচনী অনুষ্ঠানে আসন গ্রহণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস।
ঘটনার প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়; যা পুরান ঢাকার তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বকে দায়ী করে বিচার দাবি করেন। সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন যে, ভিন্নমতের কারণে রাজনৈতিক হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে যে রক্তের রাজনীতি শুরু হয়েছে তা ছাত্রসমাজ প্রতিহত করবে।
ছাত্র শক্তির জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাজনীতি করলে সাধারণ জনগণ অচিরেই তাদের প্রত্যাখ্যান করবে। অন্যদিকে, শিবির নেতা সোহাগ আহমেদ নির্বাচন কমিশনের নিস্পৃহতাকে দায়ী করে বলেন, যারা নিজেদের তৃণমূল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের দেশ পরিচালনার যোগ্যতা নেই। জবি শাখা ছাত্রশক্তির মুখ্য সংগঠক শেখ ফেরদৌস অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
















Leave a Reply