ডেস্ক রিপোর্ট
কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার বিমান। এটি ভেনেজুয়েলা–কলম্বিয়া সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।
বিমানটিতে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় আরোহীদের কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
ওকানার এমপি উইলমের ক্যারিল্লো বার্তা সংস্থা এএফপিকে দিওজেনেস কুইনতেরোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাতেনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওকানার আকাশসীমায় প্রবেশের পর বিমানটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেটি ভূমিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশসংলগ্ন একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়। কলম্বিয়া–ভেনেজুয়েলা সীমান্তবর্তী এই এলাকা ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামের একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত এই দুর্ঘটনার পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।
বিধ্বস্ত বিমান ও নিহতদের দেহাবশেষ উদ্ধারে কলম্বিয়ার বিমান বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
সূত্র: এএফপি















Leave a Reply