বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের খেলা অনিশ্চিত, ভারত–পাক ম্যাচে কড়া নিরাপত্তা শ্রীলঙ্কায়

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে দাবি করে টুর্নামেন্টে না খেলার হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীকাল শুক্রবার অথবা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা পিসিবি সভাপতি মহসিন নাকভির।

সবমিলিয়ে সালমান–বাবরদের বিশ্বকাপে খেলা এখনো দোলাচলে থাকলেও, সম্ভাব্য ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার আয়োজন করছে সহ–আয়োজক শ্রীলঙ্কা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। পাকিস্তান অংশ নিলে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। ওই ম্যাচের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এএফপিকে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে।

উল্লেখ্য, নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করে আইসিসি। উল্টো বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এই বিরোধ চলাকালে নীরব থাকলেও এবার মুখ খুলেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার আঞ্চলিক বিরোধে জড়াতে চায় না শ্রীলঙ্কা। তবে ভবিষ্যতে অনুরোধ জানানো হলে যেকোনো দেশের জন্য টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত রয়েছে কলম্বো।

এদিকে, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী জানান, টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। ভারত–পাকিস্তান ম্যাচে বিশেষ নজর রাখা হচ্ছে এবং বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় ব্যবহৃত এলিট কমান্ডো ইউনিটগুলোই অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তায় মোতায়েন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com