অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁও–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য, রাস্তাঘাট করার জন্য এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে—সেই লক্ষ্যেই রাজনীতি করি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত সময় আমরা শান্তিতে ছিলাম না। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪–১৫ বছরের দুর্দিন পার হয়ে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। সামনে একটি ভালো সম্ভাবনা দেখা দিয়েছে।
তিনি বলেন, এবার দেশে একটি ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে এবং ভোট দিয়ে ভালো মানুষ ও ভালো দলকে নির্বাচিত করতে পারবে—এমন একটি আশার কথা মানুষের মনে জেগেছে। এর আগে অনেকেই ভোটার হয়েও ভোট দিতে পারেনি। গভীর রাতে ভোট নিয়ে যাওয়া হয়েছে, আগেই ভোট হয়ে গেছে। এবার সুযোগ এসেছে ঠিকমতো আমাদের ভোটটা দেওয়ার।
তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও শান্তির জন্য। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।
নিজের রাজনৈতিক সততার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি মন্ত্রী ছিলাম। কেউ বলতে পারবে না, মন্ত্রী থাকা অবস্থায় আমি কারো কাছ থেকে এক কাপ চা খেয়েছি কিংবা দুই টাকা নিয়েছি।
নির্বাচনি সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।















Leave a Reply