অনলাইন ডেস্ক
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাতে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বেপারী কান্দি গ্রামে এই অভিযান চালানো হয়।
নড়িয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৫৫ মিনিট থেকে সোমবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত যৌথবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতঘরে তল্লাশি চালিয়ে চার বালতি ককটেল উদ্ধার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের পাশের একটি মসজিদ থেকে আরও চার বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও চার বালতি ককটেল উদ্ধার করা হয়।
সব মিলিয়ে ১২ বালতিতে মোট ৯৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ৮টি দেশীয় তৈরি টেটা এবং ৩টি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫),
মেহেদী হাসান পেদা (৩০)
এবং রনি পেদা (২৫)।
উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।















Leave a Reply