জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলের ডাইনিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। হল চালু হওয়ার প্রায় ২ বছর পর ডাইনিং চালু হওয়ায় হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
১লা ফেব্রুয়ারি (রবিবার) রান্না খাবার পরিবেশনের মধ্য দিয়ে ডাইনিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী হল সংসদের নির্বাচিত সদস্য ও হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে একসাথে বসে রাতের খাবার গ্রহণ করেন।
উল্লেখ্য, জাবিতে নতুন ৬টি হল চালু হওয়ার পর গ্যাস সংযোগ দিতে প্রায় ৩ বছর লেগে যায়। ফলশ্রুতিতে, হলের শিক্ষার্থীদের খাবার সংগ্রহ ও গ্রহণে বাড়তি ঝামেলা ও অতিরিক্ত অর্থ গুনতে হয়। জাকসু ও হল সংসদ গঠিত হওয়ার পর দ্রুত গ্যাস সংযোগ পেতে ব্যাপক তৎপরতা চালান নেতারা। অবশেষে গত ডিসেম্বরের মাঝামাঝি গ্যাস সংযোগ প্রদান করা হয়।
ডাইনিং এ পর্যাপ্ত লোকবল ও যাবতীয় মালামাল না থাকায় শহীদ তাজউদ্দীন আহমদ হলে ডাইনিং চালু হতে কিছুটা দেরি হয়। সব প্রতিবন্ধকতা পেরিয়ে ডাইনিং চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
হলের আবাসিক শিক্ষার্থী আসিবুর রহমান বলেন, “হল চালু হওয়ার পর ২ বছরেও গ্যাসের অভাবে ডাইনিং চালু না হওয়ায় আমাদের খেতে বাড়তি বেগ পাওয়ার পাশাপাশি খাবার সংগ্রহে অতিরিক্ত অর্থ ও সময় অপচয় করতে হয়েছে। অবশেষে, হলে ডাইনিং চালু হওয়ায় হল প্রশাসন ও হল সংসদকে ধন্যবাদ জানাই। আশা করি – ডাইনিং এ স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন উপায়ে খাবার পরিবেশন বজায় রাখবেন।”
ডাইনিং চালু প্রসঙ্গে হল সংসদের ভিপি মোহা. সিফাতুল্লাহ বলেন, “শহীদ তাজউদ্দীন আহমদ হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি ছিল ডাইনিং চালু করা। শিক্ষার্থীদের নিয়মিত, স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী খাবার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি, ডাইনিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় থাকবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে খাবারের মান ও মেন্যু উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
হল প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী বলেন, “শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থীদের কল্যাণ ও দৈনন্দিন সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দায়িত্ব নেওয়ার পর থেকেই ডাইনিং চালুর জন্য গ্যাস সংযোগ পেতে ধারাবাহিক তদারকি করে গেছি। অবশেষে, ডাইনিং কার্যক্রম চালুর মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত, সাশ্রয়ী ও নিয়মিত খাবার সুবিধা পাবে। হল প্রশাসন ও হল সংসদ এই ডাইনিং ব্যবস্থাপনায় মান, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেবে।”
















Leave a Reply