ডেস্ক রিপোর্ট
আসন্ন জাতীয় নির্বাচনকে কেবল সরকার গঠনের প্রক্রিয়া নয়, বরং আগামী কয়েক দশকের রাষ্ট্র কাঠামো ও শাসনব্যবস্থা নির্ধারণের ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।
মঙ্গলবার রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, এই নির্বাচন ও এর সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের মাধ্যমেই ঠিক হবে আগামী ২০ থেকে ৩০ বছর বাংলাদেশ কোন পথে এগোবে এবং সংবিধানে কী ধরনের মৌলিক সংস্কার আসবে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের মাধ্যমে সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হয়েছে।
তিনি জানান, এসব সংস্কার বাস্তবায়িত হলে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ এবং একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের পথ তৈরি হবে।
দুর্নীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি সরকারকে ভেতর থেকে দেখেছেন এবং দুর্নীতির মূল কারণ ও দুর্বল জায়গাগুলো সম্পর্কে অবগত। ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন, দখলদারিত্ব ও বৈষম্য দূর করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দীর্ঘমেয়াদি দায়িত্ব পেলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।
রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ঢাকা-১১ আসনের অবকাঠামো, নাগরিক সেবা ও জীবনমান উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।















Leave a Reply