কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে জবিতে সনাতন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। প্রস্তাবিত স্থানে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগকে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক সিদ্ধান্তের আহ্বান জানান। শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অজয় পাল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক সনাতন শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও এখন পর্যন্ত তাদের জন্য কোনো কেন্দ্রীয় উপাসনালয় নেই। এ দাবিতে একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর অগ্রগতি হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, স্মারকলিপির পর উপাচার্য জায়গা সংকটের কথা উল্লেখ করেন এবং পরবর্তীতে মুক্তমঞ্চসংলগ্ন একটি স্থান দেখানো হয়। তবে ওই স্থানেই সম্প্রতি পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ওই জায়গায় টয়লেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের কাছে ধর্মীয় অবমাননার শামিল মনে হচ্ছে। এ কারণেই তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। এদিকে জবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস জানান, আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় মন্দির স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হবে। আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় মন্দির স্থাপন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট ও লিখিত ঘোষণা প্রত্যাশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com