তারেক রহমানের আগমন, বরিশালে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বরিশাল শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্ধারিত সময়ের অনেক আগেই বেলস পার্কসহ আশপাশের এলাকায় দলের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করে। ভোর থেকেই বিভিন্ন উপজেলা, গ্রাম ও চরাঞ্চল থেকে ছোট-বড় মিছিল এসে সমাবেশস্থলে যুক্ত হতে শুরু করেছে।

দীর্ঘ ২০ বছর পর আজ বেলা ১১টায় হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। তিনি বিভাগীয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সকাল ৭টার মধ্যেই বেলস পার্ক ও সংলগ্ন সড়কগুলো ঘন মানুষের ভিড়ে পূর্ণ হয়ে ওঠতে শুরু করে। সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার, পোস্টার ও স্বাগত ফেস্টুন। মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুতির কাজ চলমান থাকলেও মানুষের ভিড় দ্রুত বাড়তে থাকে, স্লোগান ও দলীয় সংগীতে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাবেশকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সমাবেশস্থল, আশপাশের সড়ক এবং প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে যানজট দেখা দিলেও ট্রাফিক পুলিশ সকাল থেকেই বিকল্প রুটে গাড়ি চলাচলের ব্যবস্থা করেছে।

নিরাপত্তাকর্মীরা ব্যাগ ও ব্যক্তিগত সামগ্রী যাচাই করছেন। স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিভিন্ন সংগঠন পানি, প্রাথমিক চিকিৎসা ও বিশ্রামকেন্দ্র স্থাপন করেছে। সমাবেশস্থলে চলাচল স্বাভাবিক রাখতে দলীয় স্বেচ্ছাসেবকরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে।

নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, উপস্থিতির পরিমাণ বিবেচনায় আগেই সতর্কতা বাড়ানো হয়েছে।  

স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন, দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতৃত্বকে সরাসরি দেখতে মানুষের আগ্রহ তাদের উপস্থিতিতেই প্রমাণ মেলে। তাদের মতে, এই সফর আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ ভূমিকা রাখবে।

সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com