কুষ্টিয়া-৪ আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৭

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) সংসদীয় আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির ৩ জন কর্মীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার মাশালিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির দাবি, জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় তাদের ৪ জন কর্মী-সমর্থক আহত হন। অপরদিকে জামায়াতের দাবি, বিএনপির হামলায় তাদের ৩ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের কর্মী-সমর্থকরা প্রচারণায় গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে মাশালিয়া বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয় পক্ষের সমঝোতা হলেও পরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

জয়ন্তীহাজরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, সালিশে সমঝোতার পরও জামায়াতের কর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির রিন্টু, তুহিন ও নিজাম উদ্দিন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

অন্যদিকে ইউনিয়ন জামায়াতের আমির আকমল হোসেন বলেন, অতর্কিত হামলার অভিযোগ সঠিক নয়। বরং সালিশ শেষে একপর্যায়ে বিএনপির এক কর্মী তাদের লোকজনের ওপর হামলা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে তাদের তিনজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোশাররফ হোসেন জানান, সালিশ বৈঠকের সময় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের আহত রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাশালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com