জবি’তে মন্দির স্থাপনের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জবি ছাত্রদলের সহবস্থান

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে জবি শাখা ছাত্রদল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান।

এ সময় জবি ছাত্রদলের নেতা হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী সমানভাবে ভর্তি ফি প্রদান করে। সে ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কোনো শিক্ষার্থী ধর্মীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে সংখ্যাগুরু-সংখ্যালঘুর বিভাজনের কোনো স্থান নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব সকল শিক্ষার্থীর ধর্মীয় অধিকার সমানভাবে নিশ্চিত করা।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় মন্দির স্থাপনের বিষয়ে প্রশাসনের দ্রুত ও সুস্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। একজন শিক্ষার্থী হিসেবে প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক সনাতন শিক্ষার্থী অধ্যয়নরত, যাদের জন্য একটি কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবি দীর্ঘদিনের। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

এ সময় বক্তব্যে অঙ্কন কর্মকার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ ন্যায্য দাবি আন্দোলনের মাধ্যমেই আদায় হয়েছে। কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবি শুধু সনাতন শিক্ষার্থীদের নয়, এটি সকল জবিয়ান শিক্ষার্থীর ন্যায্য ও যৌক্তিক দাবি।

অন্যদিকে, আন্দোলনরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ছাত্রদলের সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com