মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লোহার রড ও চকলেট বোমা উদ্ধার করা হলেও গ্যাংয়ের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর পর্যন্ত গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে এই বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে ১৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সাব্বির, শাকিল ও মিহাদের নেতৃত্বে গড়ে ওঠা এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। তারা দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি আদায় এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

গজারিয়া আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার সংবাদমাধ্যমকে জানান, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, অভিযানে উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com