নির্বাচনী পরিবেশের ঘাটতি দেখছি না : রবি

ডেস্ক রিপোর্ট

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বর্তমানে নির্বাচনী এলাকায় একটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। 

তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। নির্বাচনী পরিবেশের কোনো ঘাটতি দেখছি না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-১০ আসনের ১৬ নং ওয়ার্ডে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, পুরো ব্যাপারটি পর্যালোচনা করে আমি দেখছি– লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। তাই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আমি দেখি না। সব দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত সবাই আনন্দমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছে। বড় ধরনের কোনো সংঘাত নেই বললেই চলে।

বিএনপি এই প্রার্থী বলেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। পরিবেশ উৎসবমুখর, আমরা ভোটের অপেক্ষায় আছি। ভোট গণনার পর যে দল বা প্রার্থী বিজয়ী হবে, সবাই তাকে স্বাগত জানাবে এবং পরাজিত প্রার্থী ফলাফল মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি।’

এই নির্বাচনকে গণতন্ত্রের উত্তরাধিকার রক্ষার নির্বাচন হিসেবে অভিহিত করে রবি বলেন, এটি শুধু সংসদ সদস্য হওয়ার নির্বাচন নয়, বরং রাষ্ট্র বিধির মধ্যে থেকে রাষ্ট্রকে রায় দেওয়ার নির্বাচন। সেই জায়গায় সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতন রয়েছে।

নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এলাকায় গ্যাসের কিছু সংকট রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে আমি এই অঞ্চলের মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব করব। তাদের সমস্যাগুলো জানা এবং সমাধান করাই হবে আমার প্রধান কাজ।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস ও ডিপিডিসির মতো সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির মাধ্যমে জনগণের আস্থা বাড়ানো তার অন্যতম লক্ষ্য।

এসময় তিনি এলাকার সামাজিক সমস্যা, যেমন মাদক কারবারি ও দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com