এলজিইডির ইউডিসিজিপি প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্ট্রিট লাইট প্যাকেজে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন উরবন ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্ট—ইউডিসিজিপির একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

রোববার, ৮ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আকতারুল ইসলাম জানান, এলজিইডির ইউডিসিজিপি প্রকল্পের আওতাধীন স্ট্রিট লাইট সংক্রান্ত একটি প্যাকেজে ভুয়া বিল দাখিল, নিম্নমানের কাজ বাস্তবায়ন এবং তদারকিতে অবহেলার অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়।

অভিযানকালে দুদক টিম প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও তথ্য সংগ্রহ করে। এসব নথি ও তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে কমিশনের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

দুদক সূত্র আরও জানায়, প্রকল্পটি চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের ভৌত অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ এবং আর্থিক অগ্রগতি প্রায় ২০ শতাংশ।

তবে বিল অব কোয়ান্টিটি—বিওকিউ এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী মালামাল সরবরাহ করা হয়েছে কি না, পাশাপাশি মালামালের কান্ট্রি অব অরিজিনসহ অন্যান্য কারিগরি বিষয় যাচাইয়ের জন্য সরেজমিন পরিদর্শনের প্রয়োজন রয়েছে বলে মনে করছে দুদক টিম।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রতিবেদন পর্যালোচনার পর গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com