এসপির বিশেষ কক্ষ থেকেই জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ছক

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বহুমাত্রিক কৌশল গ্রহণ করেছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘অপারেশন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম’। যেখান থেকে ঝুঁকিভিত্তিক ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন ট্র্যাকিং করা হবে। 

একই সঙ্গে কক্ষটিতে বডি-ওর্ন ক্যামেরায় মাঠপর্যায়ের তৎপরতা পর্যবেক্ষণ, তাৎক্ষণিক নির্দেশনা প্রদান এবং আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে একটি কেন্দ্রীয় কমান্ড কাঠামো গড়ে তোলা হয়েছে। আবার এই বিশেষ কক্ষ থেকেই জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার ছক বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা পুলিশ জানায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলায় ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টি মোতায়েন রয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে তাদেরকে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। জেলার ১৭টি থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রিয়েল-টাইমে এসব টিমের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডি-ওর্ন ক্যামেরাও অনলাইনে সংযুক্ত করা হয়েছে। ফলে কন্ট্রোল রুম থেকে সরাসরি কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে।

অপারেশনাল ম্যাপে জেলার ১৩টি সংসদীয় আসনের মোট ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্রের অবস্থান লাল, হলুদ ও সবুজ— এই তিন ঝুঁকি শ্রেণিতে চিহ্নিত করে প্রদর্শন করা হয়েছে। কেন্দ্রের অবস্থান, প্রকৃতি, ঝুঁকির মাত্রা ও থানা থেকে দূরত্বসংক্রান্ত বিস্তারিত তথ্যও এতে সংযোজিত রয়েছে।

নির্বাচন ডিউটিতে নিয়োজিত সব অফিসার ও ফোর্সের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ওয়াকিটকি সাব-স্টেশন। মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত নির্দিষ্ট স্থানে পাঠানোর নির্দেশনাও দেওয়া যাচ্ছে।

এ ছাড়া সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া পর্যবেক্ষণ, দ্রুত রুট নির্ধারণে গুগল ম্যাপ ব্যবহার এবং জরুরি সমন্বয়ের জন্য পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিজাইডিং অফিসারদের যোগাযোগ তথ্য সংরক্ষণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই অপারেশন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল কক্ষ থেকে নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা হবে। যাতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com