লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, তিনজন আহত, সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট-১ আসনের (হাতীবান্ধা–পাটগ্রাম) স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী শিহাব আহম্মেদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সংসদ পদপ্রার্থী শিহাব আহম্মেদসহ মোট তিনজন আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার মধ্যবর্তী ফকিরটারি ইউনিয়নের জোড়া পুকুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর শিহাব আহম্মেদের কর্মী-সমর্থকরা ঢাকা–বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম উপজেলায় গণসংযোগ শেষে রাতে হাতীবান্ধার দিকে যাওয়ার পথে জোড়া পুকুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত শিহাব আহম্মেদ ও তার গাড়ি বহরের পেছনে হামলা চালায়। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হন।

তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি শিহাব আহম্মেদ। তিনি অভিযোগ করে বলেন, হামলার আশঙ্কার কথা একাধিকবার জানানো হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

খবর পেয়ে আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গিয়ে আহতদের খোঁজখবর নেন লালমনিরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। পরে বিএনপির নেতাকর্মীরাও শিহাবকে দেখতে যান হাসপাতালে।

হাতীবান্ধা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নির্বাচনী পরিবেশে এমন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com