গণভোট ও নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ফোন বহন করতে পারবেন: ইসি কমিশনার সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইসি কমিশনার সানাউল্লাহ বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। তাদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এর আগে, রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের এক নির্দেশনায় ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, কেবল প্রিজাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট দুইজন আনসার সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

এই সিদ্ধান্তে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ না থাকায় সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধের প্রতিবাদে সোমবার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি—আরএফইডি নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে। সংগঠনের সভাপতি কাজী জেবেল বলেন, এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ।

সাংবাদিক নেতাদের এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সরে আসে। ইসি কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের আশ্বস্ত করে জানান, সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং দ্রুতই এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com