ডেস্ক রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে নজিরবিহীন যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং গাজীপুরের ভোগড়া এলাকা থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে।
এদিকে যানজটের সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ যাত্রীরা।
এর আগে সোমবার বিকেল থেকে গাজীপুরের চারশতাধিক শিল্প-কারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই মহাসড়কে যাত্রীদের চাপ বাড়তে থাকে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় রাতভর উপচে পড়ে ভিড়।
যাত্রী সজিব হোসেন জানান, ছুটি পেয়ে রাতেই বাড়ির উদ্দেশে রওনা দিলেও যানজটে আটকে পড়েন। সকালে আবার গাড়ির জন্য অপেক্ষা করতে গিয়ে ৬০০ টাকার ভাড়া ১৫০০ টাকা চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পোশাক শ্রমিক আশা বেগম বলেন, ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি। কিন্তু ন্যায্য ভাড়ায় গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়েছেন। তার অভিযোগ, একটি পরিবহন সিন্ডিকেট তৈরি হয়েছে।
অন্যদিকে শ্যামলী এনআর পরিবহনের চালক আব্বাস উদ্দিন জানান, অতিরিক্ত যাত্রী চাপ ও যানজটের কারণে পরিবহন চলাচল ব্যাহত হচ্ছে।
গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।















Leave a Reply