ডেস্ক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় নবীনগর–চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নবীনগর–চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চক্রবর্তী পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। অপরদিকে নবীনগর থেকে পল্লীবিদ্যুৎ এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কেও যানজট দেখা গেছে। এছাড়া আশুলিয়া থেকে জামগড়া এলাকা পর্যন্ত যানবাহনের ধীরগতির কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
আমিনুল ইসলাম নামে এক যাত্রী জানান, সকাল ১০টার দিকে গাবতলী থেকে রংপুরের উদ্দেশে রওনা দেন। কিন্তু আশুলিয়ার শ্রীপুর এলাকায় পৌঁছাতেই তার সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা।
এম এম এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রী সুমি আক্তার বলেন, বাসের জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। পরে বাস পেলেও দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে। নবীনগর থেকে জিরানী যেতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে বলে জানান তিনি।
মৌমিতা পরিবহনের চালক মোমিনুল ইসলাম বলেন, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট রয়েছে। এতে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে। যাত্রীর চাপ থাকলেও যানজটের কারণে প্রত্যাশিত আয় করা যাচ্ছে না।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীও সহযোগিতা করছে। তবে কিছু কিছু স্থানে এখনও যানবাহনের ধীরগতি রয়েছে।















Leave a Reply