নির্বাচনী সংঘাত ও প্রাণহানিতে গভীর উদ্বেগ জাতীয় মানবাধিকার কমিশনের

ডেস্ক রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন (জামান)। কমিশনের মতে, এসব ঘটনা জননিরাপত্তা, মানবাধিকার এবং নির্বাচন নিয়ে জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশন জানায়, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিকদের মৌলিক অধিকার মারাত্মক হুমকির মুখে পড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম পূর্বশর্ত। ভোট প্রদান নাগরিকের সাংবিধানিক অধিকার এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়াই প্রত্যাশিত। কোনো অবস্থাতেই সংঘাত বা পেশিশক্তির মাধ্যমে জনগণের অধিকার হরণের সুযোগ নেই।

জাতীয় মানবাধিকার কমিশন সব ধরনের সংঘাত নিরসনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

পাশাপাশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অতিরিক্ত বলপ্রয়োগ পরিহার করে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করে, সে বিষয়েও কমিশন আহ্বান জানিয়েছে।

এছাড়া সব রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের কর্মীদের সংযত ও দায়িত্বশীল আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে কমিশন বলেছে—এতেই সাধারণ মানুষের মানবাধিকার সুরক্ষিত থাকবে, নিরাপত্তা নিশ্চিত হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com