ভোটের আগেই নীলফামারীর কিশোরগঞ্জে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ডেস্ক রিপোর্ট

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা চলে যাওয়ার পর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কেন্দ্রের সামনের একটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়।

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান জানান, “গতকাল বিদ্যালয় ছুটির পর সবকিছু বন্ধ করে আমরা চলে যাই। আজ সকালে এসে দেখি সামনের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com