গণভোট ও সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন জানাল ইসি

ডেস্ক রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে নির্দিষ্ট কিছু ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী ও ভোটাররা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

অনুমোদিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
(ক) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,
(খ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ,
(গ) ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য,
(ঘ) নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনরত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক এবং
(ঙ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট ও ভোটার।

তবে ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে কেউই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভোটগ্রহণে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং নির্দিষ্ট পুলিশ ও আনসার সদস্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সদস্য ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।

নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com