আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন : নুরুল হক নুর

অনলাইন ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর অভিযোগ করে বলেছেন, তার নির্বাচনী এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে পুলিশ সুপার ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। তবে প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার না করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, এই ঘটনাগুলোর সঙ্গে জড়িতরা একটি সন্ত্রাসী চক্র। তারা নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, যাতে মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পায়।

নুর আরও বলেন, এই অপকর্মে জড়িতদের যদি দ্রুত গ্রেপ্তার করা না হয়, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না। বর্তমানে জনগণ গভীর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

পরপর পাঁচটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ তুলে ধরে গণঅধিকার পরিষদের সভাপতি দাবি করেন, এসব ঘটনায় প্রশাসনের নেওয়া ব্যবস্থা সন্তোষজনক নয়। বিষয়টি তিনি নির্বাচন কমিশনের সচিব ও পুলিশের আইজিপিকেও লিখিতভাবে অবহিত করেছেন বলে জানান।

তিনি বলেন, এই অপকর্ম বন্ধ না হলে আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে থাকবেন।

নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নুর বলেন, আমি একটি রাজনৈতিক দলের প্রধান এবং সাবেক ভিপি। আমার মতো একজন প্রার্থী যদি নিরাপত্তাহীনতায় থাকি, তাহলে সারা দেশের পরিস্থিতি কেমন হতে পারে তা ভেবেই আমি উদ্বিগ্ন।

এসময় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com