ডেস্ক রিপোর্ট
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রাজধানীর ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি ওই কেন্দ্রে ভোট দেবেন।
এদিকে নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তর থেকে ইতোমধ্যে তাদের ভোটকেন্দ্রের তথ্য জানানো হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দুপুর ১২টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি কেন্দ্রে ভোট দেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী এলাকার একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকার আদর্শ কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মহাখালী এলাকায় একটি কেন্দ্রে ভোট দেবেন। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২ এলাকায় ভোট দেবেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ধানমন্ডির একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রাম মহানগরীর একটি কেন্দ্রে ভোট দেবেন।
তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন জরুরি কাজের কারণে চট্টগ্রামে গিয়ে ভোট দিতে নাও পারেন বলে জানা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।















Leave a Reply