ডেস্ক রিপোর্ট
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পশ্চিম পাশে একটি ক্ষেত থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় রাজমিস্ত্রী ফরিদ খান বানিয়াকান্দি সরকারি স্কুল সংলগ্ন একটি নির্বাচনী অফিসের পাশে মতিন মাস্টারের ঘাসক্ষেতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দুটি বাজারের ব্যাগ মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়দের খবর দেন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সেনাবাহিনী, র্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। দুটি ব্যাগের ভেতর থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ফরিদ খান বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে ওই অফিসের পাশে প্রসাব করতে গিয়ে দেখি দুইটা বাজারের ব্যাগ বাঁধা অবস্থায় পড়ে আছে। সন্দেহ হলে আমি বাজারের লোকজনকে জানাই। পরে তারা পুলিশে খবর দেয়।”
ভোটের আগের দিন কেন্দ্রের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে বানিয়াকান্দি ভোটকেন্দ্রের সামনে থেকে দুটি ব্যাগের ভেতর ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”















Leave a Reply