ভোটকেন্দ্রে হামলা! মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষে ৪ আহত

ডেস্ক রিপোর্ট

মুন্সীগঞ্জ-৩ আসনে নির্বাচনী উত্তেজনা সংঘর্ষে রূপ নিয়েছে। সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পূর্ব রাকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের কয়েকজন সমর্থক কেন্দ্রের মাঠে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের একটি দল সেখানে গিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

হামলায় আহত হন— ইকবাল হোসেন, মো. জয়, জুয়েল শেখ ও আব্দুল জব্বার। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন জমাদ্দারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, এটি পরিকল্পিত হামলা নয়; দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, উভয় পক্ষের ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com