ডেস্ক রিপোর্ট
ফেনীতে রোকসানা আক্তার লিপি নামের এক নারী নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের মোকছেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকসানা আক্তার লিপি জেলার সোনাগাজী উপজেলার কাছিম বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং আমেরিকা প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য ছিলেন।
স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক ব্যস্ততার কারণে নিজের ১৩ বছর বয়সী কন্যাসন্তানকে মায়ের বাসায় পাঠিয়ে দেন।
বুধবার তার মোবাইলে কল করে সাড়া না পেয়ে স্বজনরা বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে পাশের ভবনের জানালা দিয়ে দেখা যায়, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছেন লিপি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
মৃতের ছোট বোন পিংকি জানান, তার সঙ্গে কোনো পারিবারিক ঝামেলা ছিল না। হঠাৎ এমন ঘটনায় পরিবার হতবাক।
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড— তা নিশ্চিত নয়। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ফেনী মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান, ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।















Leave a Reply