ঝিনাইদহ-৪ আসনে ২৩ স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ | প্রিসাইডিং অফিসার অপসারণ

ডেস্ক রিপোর্ট

ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ ও সদরের আংশিক এলাকায় সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে দায়িত্বহীনতা কোনোভাবেই সহ্য করা হবে না।

এর আগে রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং অফিসার, কালীগঞ্জের ইউএনও রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, উদ্ধারকৃত রেজাল্ট শিটগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়েছে। এগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। তার পরিবর্তে কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খানকে নতুন প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপসারিত প্রিসাইডিং অফিসার জেসমিন আরা জানান, ভুলবশত তিনি রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়েছিলেন। বিষয়টি বুঝতে পেরে তা ছিঁড়ে ফেলা হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com