পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তি নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু (৪৮)কে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুকুমার দাস বাবুর বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টানপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। এছাড়া তিনি ‘অভিযান নিউজ টিভি’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুকুমার দাস বাবু আরও দুজনকে সঙ্গে নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে ভোটকেন্দ্রের সামনে যান। সেখানে তিনি কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের কাছে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।

পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশের পর তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত সুকুমার দাসকে দ্রুত সময়ের মধ্যে জেলহাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com