ডেস্ক রিপোর্ট
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রথমে মজিবুর হাওলাদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের শাহআলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, সড়ক সরু হওয়ায় অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলের ভেতরে প্রবেশ করতে পারেনি। পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভাতে হওয়ায় কিছুটা সময় লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি।
ঘটনার পর বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।















Leave a Reply