ডেস্ক রিপোর্ট
পটুয়াখালীর কুয়াকাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গভীর রাতে সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদারের বিরুদ্ধে। পরে স্থানীয় বিএনপির উদ্যোগে অবৈধ স্থাপনাটি অপসারণ করা হয়েছে।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর সরকারি জমিতে দোকান ঘর নির্মাণ করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে বিষয়টি পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-এর নজরে আসে। তিনি দ্রুত কুয়াকাটা পৌর বিএনপি নেতাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে অবৈধ দোকান ঘরটি অপসারণ করা হয়। এ সময় সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হায়দার শেখ, ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসুল্লি বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন; তাকে আগেই বহিষ্কার করা হয়েছে। দলের নাম ব্যবহার করে কেউ অবৈধ কর্মকাণ্ড করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অভিযুক্ত মো. মন্নান হাওলাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।















Leave a Reply